রিজার্ভ চুরি: ইন্টারপোলের বিশেষজ্ঞ দলের কাজ শুরু

আপডেট : ০৪ মে ২০১৬, ১৯:০৬
বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে সহায়তা দিতে ইন্টাপোলের একটি দল বাংলাদেশে এসেছে।
 
ছয় সদস্যের এই দলটি মঙ্গলবার ঢাকা পৌঁছার পর বুধবার সকাল থেকে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শাহ আলম।
 
তিনি বলেন, ব্রাড মারডেনের নেতৃত্বে ছয় সদস্যের এই দলটি ৬ মে পর্যন্ত সিআইডির সঙ্গে কাজ করবে। তারা আইটি ফরেনসিক বিশেষজ্ঞ। গত ফেব্রুয়ারির শুরুতে সুইফট সিস্টেম ব্যবহার করে ৩৫টি ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে প্রায় এক বিলিয়ন ডলার সরানোর চেষ্টা হয়। এর মধ্যে চারটি মেসেজের মাধ্যমে ফিলিপিন্সের একটি ব্যাংকে সরিয়ে নেয়া হয় ৮ কোটি ১০ লাখ ডলার। আর একটি মেসেজের মাধ্যমে শ্রীলঙ্কার একটি ‘ভুয়া’এনজিওর নামে ২০ মিলিয়ন ডলার সরিয়ে নেয়া হলেও বানান ভুলের কারণে সন্দেহ হওয়ায় শেষ মুহূর্তে তা আটকে যায়।
 
রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় মতিঝিল থানায় গত ১৫ মার্চ দায়ের করা মামলার পর সিআইডি তদন্তের দায়িত্ব নেয়। তদন্ত দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার, সার্ভারে থাকা বেশ কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে।
 
শাহ আলম বলেন, আমরা এসব নিয়ে কাজ করার সময় মনে হলো ইন্টারপোলের সহায়তা পেলে ভালো হবে। এরপর তাদের সহায়তা চাই। তারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছেন।
 
এক প্রশ্নের জবাবে তিনি জানান, তারা শুধু ল্যাবরেটরিতে বসে সিআইডির বিশেষজ্ঞদের নিয়ে কাজ করবেন। প্রাথমিকভাবে তারা তিন দিনের জন্য এসেছেন।