পরিবেশ ও বন মন্ত্রণালয়ের তদন্তদলের বনাঞ্চল পরিদর্শন

আপডেট : ০৪ মে ২০১৬, ১৯:০৮
পরিবেশ ও বন মন্ত্রনালয় গঠিত উচ্চ পর্যায়ের একটি তদন্ত দল পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বনাঞ্চল পরিদর্শন করেছেন।
 
বুধবার সকাল ১০টায় মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. মোজাহেদ হোসেনের নেতৃত্ব্ ছয় সদস্যের ওই প্রতিনিধি দল অগ্নিকাণ্ড এলাকা সরেজমিন পর্যবেক্ষণ করেন।
 
পরিদর্শন শেষে দুপুর ১২টায় বনসংলগ্ন উত্তর রাজাপুর গ্রামবাসী ও পেশজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেন তারা। আগুন নেভানোর কাজে সহযোগিতা করা ইউপি সদস্য মো. জাকির খানের মৎস্য আড়ৎ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মো. জহির উদ্দিন আহমেদ, বাগেরহাটের সহকারী পুলিশ সুপার এনামুল হক মিঠু, চাঁদপাই রেঞ্জের এসিএফ মো. বেলায়েত হোসেন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুন্দরবন সহব্যবস্থাপনা কমিটির সভাপতি আসাদুজ্জামান মিলন, ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হোসেন টিপু, ইউপি সদস্য সাজেদুর রহমান আজাদ, পেশাজীবীদের পক্ষে সাহেব আলী, সোলায়মান হোসনে, তাজিনুর বেগম ও শিমলা জাহান।