নিজামীর রিভিউর রায় বৃহস্পতিবার

আপডেট : ০৪ মে ২০১৬, ২০:৩০
যুদ্ধাপরাধের দায়ে দেয়া মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ পিটিশনের ওপর বৃহস্পতিবার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
 
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চের দৈনন্দিন কার্যতালিকার এক নম্বর ক্রমিকে রিভিউ পিটিশনটি রায় প্রদানের জন্য রাখা হয়েছে। মঙ্গলবার রিভিউ পিটিশনের ওপর শুনানি গ্রহন করে রায়ের জন্য এ দিন ধার্য করে দিয়েছিলো আপিল বিভাগ।
 
১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী ও উস্কানিদাতাসহ মানবতাবিরোধী তিনটি অপরাধের দায়ে গত ৬ জানুয়ারি নিজামীর ফাঁসির রায় বহাল রাখে আপিল বিভাগ।
 
এর আগে ২০১৪ সালের ২৯ অক্টোবর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীকে চারটি অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছিলো। ওই বছরের ২৩ নভেম্বর ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেন নিজামী। আপিল বিভাগ তিনটি অপরাধে নিজামীর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে।