শিশুশ্রম বন্ধে বিভিন্ন সংস্থাসমূহের সমন্বয় জরুরি: চুমকি

আপডেট : ০৪ মে ২০১৬, ২১:৫৭
 
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, 'শিশুশ্রম বন্ধে স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাসমূহের সমন্বয় জরুরি। শিশুশ্রম বাংলাদেশের অন্যতম একটি সমস্যা।'
 
বুধবার রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাইভেক (সাউথ এশিয়া ইনিশিয়েটভ টু এন্ড ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেন) কর্তৃক আয়োজিত কমিউনিটি ক্যামপেইন টু এন্ড চাইল্ড লেবার শীর্ষক কার্যক্রম উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
 
এ সময় মেহের আফরোজ চুমকি বলেন, 'শিশুশ্রমের পেছনে নানাবিধ কারণ রয়েছে। কারণসমূহ যথাযথভাবে চিহ্নিত করে শিশুশ্রম বন্ধ করতে হবে। সমন্বিতভাবে কাজ করলে অনেক অসম্ভব কাজও সম্ভব হবে। শিশুশ্রম বন্ধে স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাসমূহের সমন্বয় খুবই জরুরি।'
 
সাইভেকের মহাপরিচালক ড. রিনচেন চপেলের সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, সাইভেকের জাতীয় সমন্বয়ক ডা. আমিনুল ইসলাম, আইএলও প্রতিনিধি মিজ শেরিন খান, শিশুশ্রম নিয়ে কাজ করে এমন এনজিও প্রতিনিধি এবং শিশুশ্রম বিশেষজ্ঞবৃন্দ উপস্থিত ছিলেন।
 
'সরকার শিশুশ্রম বন্ধে বদ্ধপরিকর' উল্লেখ করে সচিব নাছিমা বেগম বলেন, 'এই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সব সময় শিশুশ্রম বন্ধে সাইভেক-কে সর্বাত্মক সহযোগিতা করবে।'
 
এই কার্যক্রমের অংশ হিসাবে সাইভেক সার্ক অঞ্চলে শিশু শ্রমের কারণ, তা প্রতিকারের উপায় প্রভৃতি বিষয়ে গবেষণা করবে ও শিশুশ্রম নিরসনে সফলতাসমূহ পরস্পর বিনিময় করবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। 
 
এছাড়া শিশুশ্রমের সঙ্গে জড়িত বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে নেটওয়ার্কিং এর মাধ্যমে তার ক্ষতিকর দিক তুলে ধরে তা বন্ধে কাজ করবে এবং এ অঞ্চলে ব্যাপক সচেতনতা অভিযান পরিচালনা করবে।