চট্টগ্রামে নকল স্বর্ণের বারসহ ৪ প্রতারক গ্রেফতার

আপডেট : ০৫ মে ২০১৬, ১৪:৩৬
চট্টগ্রামে নকল স্বর্ণের বারসহ চার প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
 
বুধবার হাটহাজারী থানার ফরহাদাবাদ শীল বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মো. শাহারাজ, মো. ইসমাইল, মো. রাশেদ ও মো. আমিন হোসেন। এ সময় তাদের কাছ থেকে ৩টি নকল স্বর্ণের বার, প্রতারণার কাজে ব্যবহৃত চিঠি ও একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়।
 
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা স্বল্প দূরত্বের যাতায়াত পথে স্বর্ণালঙ্কার পরিহিতা সহজ-সরল গ্রাম্য নারীদের টার্গেট করে। অটোরিকশার ড্রাইভার হিসেবে কম ভাড়ায় যাত্রী নিয়ে ভাল মানুষের ভান করে। গন্তব্যে যাওয়ার পথে মাঝপথ থেকে আরো দুই-একজন সহযোগীকে যাত্রী হিসেবে উঠায়। ওই যাত্রীরা অটোরিকশায় থাকা নারী যাত্রীকে কাগজে মোড়ানো স্বর্ণের পাত ও চিঠি দেখিয়ে বলে আমি পড়ালেখা জানিনা, এগুলো পথের মধ্যে পেয়েছি। সম্ভবত কোনো বিদেশি লোকের নিকট থেকে হারানো গেছে। তারা পুলিশি ঝামেলার কথা বলে কিংবা পরিস্থিতি বুঝে চিত্তাকর্ষক কথা বলে নারী যাত্রীদের কাছে থাকা স্বর্ণালঙ্কারের বিনিময়ে কিংবা নগদ অর্থের বিনিময়ে নকল স্বর্ণের পাত নিতে প্রলুব্ধ করে।