কুষ্টিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ০৫ মে ২০১৬, ১৪:২৩
কুষ্টিয়ার মিরপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই আক্কাস আলী (৪০) নামের একজন নিহত হয়েছেন।
 
এ ঘটনায় বুধবার বিকেলে নিহতের স্ত্রী বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
 
জানা যায়, গত ২৫ এপ্রিল দুপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই আক্কাস আলীকে (৪০) পিটিয়ে গুরুতর আহত করে ছোট দুই ভাই বাবলু ও মুকুল। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে আক্কাস আলী মারা যান। নিহত আক্কাস আলী উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের হালসা গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।
 
এ ব্যপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আক্তারুজ্জামান জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে নিহতের স্ত্রী বাদী হয়ে বাবলু ও মুকুলের নামে একটি হত্যা মামলা দায়ের করেছে।