আগৈলঝাড়ার একটি লোহার ব্রিজের পাটাতন ভেঙে যাওয়ায় ওই ব্রিজটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এর পরও বাঁশের পাটাতন দিয়ে কোন রকমে চলাচল করে শত শত লোক। অনেক আবেদন নিবেদনের পরও এলজিইডি বিভাগ থেকে কোন ব্যবস্থা নেয়া হয়নি।
ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বখতিয়ার সিকদার জানান, রাজিহার ইউনিয়ন পরিষদের উদ্যোগে পশ্চিম গোয়াইল গ্রামে “মুক্তিযোদ্ধা” বাড়ি যাতায়াতের জন্য কয়েক বছর আগে খালের উপর ওই আয়রন ব্রিজটি নির্মাণ করা হয়। এক মুক্তিযোদ্ধার স্ত্রী আলেয়া বেগম জানান, উপজেলা প্রকৌশল বিভাগ ও ইউনিয়ন পরিষদে বছরের পর বছর ধর্ণা দিয়েও ব্রিজটি সংস্কার করানো যায়নি। বাঁশের পাটাতনের উপর দিয়ে হাঁটতে গিয়ে বেশ কয়েকজন শিশু নিচে পড়ে আহত হয়েছে। এছাড়াও রাতে ওই ব্রিজ দিয়ে চলাচল করা যায় না। এই গ্রামে দুইজন শহীদ মুক্তিযোদ্ধাসহ আটটি মুক্তিযোদ্ধা পরিবারের বাড়ি আছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রাজকুমার গাইন জানান, ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানকে প্রাথমিক ভাবে সংস্কারের জন্য বলা হয়েছে।
