রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্মানী (বেতন-ভাতা) দ্বিগুণ বৃদ্ধির লক্ষ্যে আনা পৃথক দুইটি বিল গতকাল বুধবার সংসদে পাস হয়েছে। বিল দুইটি গত ২৫ জানুয়ারি সংসদে উত্থাপিত হয়।
সংসদকার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মতিয়া চৌধুরী (কৃষিমন্ত্রী) রাষ্ট্রপতির সম্মানী বৃদ্ধির লক্ষ্যে ‘দ্য প্রেসিডেন্টস (রেম্যুনারেশন এ্যান্ড এলাউন্সেস) (সংশোধনী) বিল,২০১৬’ এবং প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধি সংক্রান্ত ‘দ্য প্রাইম মিনিস্টারস (রেম্যুনারেশন এ্যান্ড এলাউন্সেস) (সংশোধনী) বিল,২০১৬’ পৃথকভাবে পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
পাস হওয়া বিল অনযায়ী রাষ্ট্রপতি এখন থেকে ১ লাখ ২০ হাজার টাকা সম্মানী পাবেন। যা আগে ছিল ৬১ হাজার ২শ টাকা। এছাড়া রাষ্ট্রপতি বিমানে ভ্রমণ করলে তার বীমার জন্য ২৭ লাখ টাকা করে পাবেন, যা আগে ছিল ১৫ লাখ টাকা। তবে রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন তহবিলে আগের মতোই ২ কোটি টাকা থাকবে।
আর প্রধানমন্ত্রীর সম্মানী ৫৮ হাজার ৬শ টাকা থেকে বেড়ে ১ লাখ ১৫ হাজার টাকা হবে। প্রধানমন্ত্রীর সম্মানী বৃদ্ধির কারণ সম্পর্কে বিল পাসের প্রস্তাবকারী মতিয়া চৌধুরী লিখিত বিবৃতিতে বলেছেন-‘জাতীয় বেতন স্কেল, ২০১৫ মন্ত্রিসভা কর্তৃক অনুমোদন এবং দেশের সামগ্রিক আর্থ-সামাজিক পরিপ্রেক্ষিত বিবেচনায় প্রধানমন্ত্রীর বেতন ও অন্যান্য সুবিধা সামঞ্জস্যপূর্ণ করিয়া পুনঃনির্ধারণের লক্ষ্যে বিলটি পাসের প্রস্তাব করা হইল।’
পাট বিল উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক ‘পাট অধ্যাদেশ, ১৯৬২’ রহিত করে নতুন করে আইন প্রণয়নের লক্ষ্যে গতকাল সংসদে ‘পাট বিল, ২০১৬’ উত্থাপন করেছেন। যাচাই করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য পরে বিলটি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
