দিনাজপুরের ফুলবাড়ি-মধ্যপাড়া মহাসড়কে মুরগি-ফার্ম সংলগ্ন এলাকায় ডাকাতদলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা গেছে, মহাসড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাতদল। এ সময় পুলিশ ওই ব্যারিকেডের বাধার মুখে পড়ে এবং ডাকাতদলের হামলার শিকার হন।
পুলিশ জানায়, বুধবার দিনগত রাত একটার দিকে এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৮ রাউন্ড গুলি বর্ষণ করে। এ সময় ডাকাতদল সর্দার বদরগঞ্জ উপজেলার জামবাড়ি গ্রামের সাগর হোসেন (৩৮) ও একই উপজেলার বাউচন্ডি কাজিপাড়া গ্রামের বাবলু মিয়াকে (৪০) গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই আটক করা হয়। এ সময় ডাকাতদলের হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন, আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজান, এএসআই আনোয়ার, কনস্টেবল হাফিজুর, সিরাজুল, ইমদাদ ও মোজাহারুল।
গুলিবিদ্ধ দুই ডাকাত জেলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই ফুলবাড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফয়জুর রহমান, নবাবগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন ও ফুলবাড়ি থানার ওসি মোকছেদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
