গাজীপুরের কালীগঞ্জে আকবর আলী (৩২) নামে এক ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি বুধবার দিবাগত রাতে উপজেলার নাগরী ইউনিয়নের রাথুরা গ্রামে ঘটে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে সন্দেহ ভাজন দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
নিহত আকবর ওই গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে মৌসুমি ফলের ও ডেকোরেটরের ব্যবসা করতেন। কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সালেহ আহমেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ এবং ইন্সপেক্টর (তদন্ত) এম এ হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের ভাই জুলহাজ বলেন, বুধবার রাতে আকবরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন যুবক। পরে আকবর আর রাতে বাড়ি ফিরেননি। রাতে লিচু বাগান পাহাড়া দেন তিনি এ কারণে তার কোন খোঁজ খবর নেয়া হয়নি। কিন্তু সকালে খবর শুনি তার মরদেহ বাড়ির অদূরে একটি ধান ক্ষেতে পড়ে আছে।
কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) চন্দন দে জানান, সকালে ওই ইউনিয়নের রাথুরা গ্রামের মান্নান মেম্বারের বাড়ির পাশে একটি ধান ক্ষেতে আকবর আলীর মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী থানায় খবর দেয়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে রাতে আকবর আলীকে গলা কেটে হত্যার পর তার মরদেহ ওই স্থানে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। নিহতের গলায় কাটা জখম রয়েছে। এ ঘটনায় ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে হানিফ ও বিল্লাল শেখের ছেলে হুমায়ুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
