গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এমএ মান্নানকে চিকিৎসার জন্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।
কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা জানান, বেলা সাড়ে ১১টার দিকে এমএ মান্নানকে কারাগারের একটি অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর থেকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। তিনি ডায়াবেটিস, কিডনি ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছেন। এর আগে, বুধবার গাজীপুরের দুইটি পৃথক আদালত দুটি নাশকতার মামলায় এম এ মান্নানকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চলতি বছরের ১৫ এপ্রিল রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গাড়িতে অগ্নিসংযোগের মামলায় এমএ মান্নানকে গ্রেফতার করে পুলিশ। এদিকে একই তারিখে টঙ্গী ও কালিয়াকৈর থানার নাশকতার (গাড়িতে অগ্নিসংযোগের) পৃথক দুটি মামলায় পরে তাকে গ্রেফতার করা হয়।
