সদর উপজেলার তালুক মৃতিঙ্গা গ্রামে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- মিম (১১), কুসুম (৮) ও নায়েম (৮)। এর মধ্যে মিম ও কুসুম আপন দুই বোন।
জানা গেছে, তালুক মৃতিঙ্গা গ্রামের মিন্টু মণ্ডলের ২ মেয়ে মিম ও কুসুম এবং একই গ্রামের ইকবাল মণ্ডলের পুত্র নায়েম দুপুরে এলাকার একটি পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখোঁজির পর ওই পুকুরের এক কোনে ৩ শিশুর দেহ ভেসে উঠে। পরে তাৎক্ষণিকভাবে এলাকাবাসী তাদের লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে বিকাল সাড়ে ৩টায় লালমনিরহাট ফায়ার সার্ভিসের গাড়িতে ওই ৩ শিশুর লাশ তাদের বাড়িতে পৌঁছে দেয়া হয়। তারা স্থানীয় তালুক মৃতিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
