টাঙ্গাইলের গোপালপুরে দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দার হত্যার ঘটনাস্থলের অদূরে একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার উপজেলার সুতী পূর্বপাড়া অটোরাইস মিলের পাশের একটি ঝোপ থেকে চাপাতিটি উদ্ধার করা হয়।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ওসি গোলাম মাহফীজুর রহমান জানান, হত্যাকাণ্ডের পর থেকেই গোপালপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। বৃহস্পতিবার ওই এলাকা থেকে একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে। তবে চাপাতিটি ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল কি না তা নিশ্চিত না। এর আগে ঘটনার পর ওই এলাকা থেকেই একটি রক্তমাখা চেক শার্ট উদ্ধার করা হয়।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোহাম্মদ আসলাম খান বলেন, উদ্ধার হওয়া রক্তমাখা চাপাতিটি নিখিল হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
