ঝিকরগাছায় দুই আওয়ামী লীগ নেতাকে শোকজ

আপডেট : ০৫ মে ২০১৬, ১৯:৩০
ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা হওয়া সত্ত্বেও নৌকা প্রতীকের বিপক্ষে অবস্থান নেয়ায় শোকজ করা হয়েছে মুছা মাহমুদ ও রমজান শরীফ বাদশাকে।
যশোর জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সরকারের চতুর্থ ধাপের নির্বাচনে ঝিকরগাছা উপজেলার পানিসারা, শিমুলিয়া, গঙ্গানন্দপুর, গদখালী ও মাগুরা ইউনিয়নে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত নৌকা প্রতীকের বিপক্ষে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাদের পক্ষে কাজ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
 
একই সঙ্গে নৌকা প্রতীকের পক্ষে যেসব নেতাকর্মী কাজ করছেন তাদেরকে মোবাইলে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ড গঠনতন্ত্র পরিপন্থি বলে জানিয়েছে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ।
 
গঠনতন্ত্র পরিপন্থি কার্যক্রমের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহণ করা হবে না, তার উপযুক্ত জবাব আগামী ৩ দিনের মধ্যে পাঠানোর জন্য ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ ও সহ-সভাপতি রমজান শরীফ বাদশাকে নির্দেশ দেয়া হয়েছে।