বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধে সংবাদ পর্যবেক্ষণের জন্য মিডিয়া মনিটরিং সেন্টার তৈরি করলে তা গণমাধ্যমের জন্য মরার ওপর খাঁড়ার ঘা’ হবে বলে এই উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে বিএনপি।
অন্যদিকে গ্যাসের ফের মূল্য বৃদ্ধির ঘোষণার সিদ্ধান্তে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ ঘোষণা থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। অন্যথায় জনগণকে সাথে নিয়ে তাদের গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছে দলটি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।
রিজভী বলেন, সরকার আবারো গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে। ক’দিন আগে গৃহস্থালি ও যানবাহনের ক্ষেত্রে গ্যাসের দাম আবারো বাড়বে বলে ঘোষণা দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নাজিমউদ্দিন চৌধুরী। এর আগেও, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর গ্যাসের দাম বাড়িয়ে গৃহস্থালি কাজে এক বার্নারের গ্যাসের চুলা ব্যবহারের জন্য ৪০০ টাকা থেকে ৬০০ টাকা এবং দুই বার্নারের চুলা ব্যবহারের জন্য ৪৫০ থেকে বাড়িয়ে ৬৫০ টাকা করা হয়। একই সময় কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) ইউনিট প্রতি ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়। বর্তমানে তা আরও দ্বিগুণ বাড়িয়ে এক চুলা ৬০০ টাকার স্থলে ১২০০ টাকা এবং দুই চুলা ৬৫০ টাকা থেকে ১২৫০ টাকা করার ঘোষণা দেয়া হয়েছে।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক সেক্টরে ভয়াবহ হরিলুট, রাজকোষ কেলেঙ্কারি ও আইনশৃঙ্খলার চরম অবনতিসহ সর্বত্রই বিশৃঙ্খলায় জনসমাজে ভারসাম্য বিনষ্ট হওয়ায় সরকার মূলত টালমাটাল হয়ে পড়েছে। তারা একদিকে জনগণের অর্থ লোপাট করছে, আবার অন্যদিকে জনগণের কাছ থেকে জুলুম করে টাকা আদায় করছে গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে। এ সরকার যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই তারা জনগণের ঘাড়ের ওপর জগদ্দল পাথর বসিয়ে তাদের রক্ত নিংড়িয়ে নিতে চায়।রিজভী গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণায় বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ ধরনের জনবিরোধী কর্মকাণ্ড থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় জনগণকে সাথে নিয়ে সরকারের এ গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তিনি।
এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র এ যুগ্ম-মহাসচিব বলেন, আমরা এখন দলের পক্ষ থেকে গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণার প্রতিবাদ জানালাম। কর্মসূচির বিষয়ে দলের নীতি-নির্ধারকরা পরবর্তীতে বসে সিদ্ধান্ত নেবেন।
রুহুল কবির রিজভী বলেন, ভোটারবিহীন সরকারের তরফ থেকে গণমাধ্যমের ওপর প্রতিনিয়তই নিয়ন্ত্রিত আগ্রাসন চলছে। এর ওপর আরও বেশি মাত্রায় গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতেই সরকার মিডিয়া মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এটা যেন মরার ওপর খাঁড়ার ঘা। আমি বিএনপির পক্ষ থেকে, সরকার কর্তৃক মিডিয়া নিয়ন্ত্রণের সকল ঘৃণ্য প্রচেষ্টার বিরুদ্ধে তীব্র ধিক্কার, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এসব প্রচেষ্টা থেকে তাদের সরে আসার আহ্বান জানাচ্ছি।
বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধে সরকারের পদক্ষেপর বিষয়ে বুধবার সংসদে প্রশ্নোত্তরে পর্বে মিডিয়া মনিটরিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে বলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তবে এটা বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধ করবে, তা স্পষ্ট করেননি তিনি।
রিজভী সাংবাদিকদের বলেন, ইতিমধ্যে জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া প্রকাশ করা হয়েছে। প্রেস কাউন্সিলের মাধ্যমেও গণমাধ্যমকে গলা টিপে ধরার ব্যবস্থা করা হয়েছে। এমনকি দেশীয় গণমাধ্যমের বিকাশের নামে বিদেশি গণমাধ্যমকেও নিয়ন্ত্রণের সার্বিক উদ্যাগ গ্রহণ করা হয়েছে- এসব আলামত শুভ লক্ষণ নয়।
ফোকাস বাংলা।
