গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, 'ঢাকা শহরের ২০টি সরকারি পরিত্যক্ত বাড়িতে সরকারি কর্মচারীদের আবাসনের জন্য ৩৯৮টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের পুনর্গঠিত ডিপিপি বর্তমানে অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।'
তিনি বলেন, এই ফ্ল্যাটগুলোর মধ্যে ১ হাজার বর্গফুট আয়তনের ১৪টি, ১২৫০ বর্গফুট আয়তনের ২১৯টি, ১৫শ' বর্গফুট আয়তনের ১৪৭টি এবং ১৮শ' বর্গফুট আয়তনের ১৮টি ফ্ল্যাট নির্মাণ করা হবে।
তিনি বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সদস্য সেলিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে আরো বলেন, 'স্থায়ীভাবে ফ্ল্যাট বরাদ্দ দেয়ার বিষয়ে বর্তমানে সরকারি কোন নীতিমালা নেই। গণপূর্ত অধিদপ্তর নির্মিত ফ্ল্যাট সরকারি নীতিমালা অনুযায়ী ভাড়া ভিত্তিক বরাদ্দ প্রদান করা হয়ে থাকে।'
সরকারি দলের সদস্য মো. ফরিদুল হক খানের অপর এক প্রশ্নের জবাবে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, 'রাজধানী ঢাকার পার্শ্ববর্তী এলাকায় পরিকল্পিত নগরায়নের মাধ্যমে নতুন শহর সৃষ্টিকল্পে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ তিনটি স্যাটেলাইট শহর তৈরির প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।'
ঢাকা শহরে আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে ইতোমধ্যে ঢাকার লালমাটিয়ায় ১৮২টি ও মিরপুরে ৩৬০টি আবাসিক ফ্ল্যাট বরাদ্দ-গ্রহীতাদের মধ্যে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঢাকার লালমাটিয়ায় ১৩২টি, মোহাম্মদপুরে ৯শ'টি এবং মিরপুর ৯নং সেকশনে ১ হাজার ৪০টি, ৫২০টি ও ১শ’টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ কাজ চলছে বলে তিনি জানান।
জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমানের এক প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, 'ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট শহরে ও শহরের আশপাশে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক আবাসিক প্লট ও ফ্ল্যাট বরাদ্দ ও হস্তান্তর করা হয়েছে।'
