সুন্দরবনে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

আপডেট : ০৬ মে ২০১৬, ১১:২৩
 
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীতে র‌্যাবের সঙ্গে বনদস্যু আলম বাহিনীর 'বন্দুকযুদ্ধে' বাহিনী প্রধান আলম খান (৪০) নিহত হয়েছেন। শুক্রবার সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবন চাঁদপাই রেঞ্জে র‌্যাব-৮ এর সঙ্গে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৫০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 
র‌্যাব-৮ অধিনায়ক লে. কর্ণেল ফরিদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে র‌্যাব-৮ এর  একটি দল অভিযানে যায়। এ সময় সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীতে বনদস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি করে। এ সময় র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে আধাঘণ্টা গুলি বিনিময়ের পর বনদস্যুরা পিছু হটে গেলে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি লাশ উদ্ধার করা হয়।
 
স্থানীয় জেলেরা নিহত বনদস্যু আলম বাহিনীর প্রধান আলম বলে সনাক্ত করে। ঘটনাস্থল থেকে ১২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৫০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত বনদস্যুর লাশ এবং উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ মংলা থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।