প্রায় সাত শতাধিক যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে সুন্দরবন-৮ লঞ্চের হ্যাচে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় বরিশালগামী লঞ্চটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটলে তাৎক্ষণিক যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে যাত্রীদের নিরাপদে বরিশাল নৌ-ঘাটে নামিয়ে দেয়া হয়েছে বলে জানান লঞ্চ কর্তৃপক্ষ।
সুন্দরবন-৮ লঞ্চের করণিক মো. সুজন জানান, ঢাকা সদরঘাট থেকে বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় প্রায় ছয় শতাধিক যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। রাত সাড়ে তিনটার দিকে লঞ্চটি বরিশালের হিজলা এলাকায় পৌঁছালে যাত্রীরা ডেকের একটি ঢাকনা থেকে ধোঁয়া বেরুতে দেখে। পরে ঢাকনা খুলে হ্যাচে আগুন লাগার স্থান সনাক্ত করা হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়ানো গেছে। লঞ্চের কর্মচারীরা নিজেরাই তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, মালামালের মধ্যে থাকা চার্জার ফ্যানের কারণে এ আগুনের সূত্রপাত ঘটে।
