খুলনায় রুবেল ইসলাম কালা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার সকাল নয়টার দিকে পুলিশ নগরীর দৌলতপুর থানার মধ্যডাঙ্গা এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে। রুবেল স্থানীয় মানিক ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া নূরুল ইসলাম ধলুর ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে রুবেলকে পূর্ব পরিচিতরা মোবাইলে ফোনে ডেকে নেয়। এরপর তিনি আর বাড়িতে ফিরেননি। শুক্রবার সকালে স্থানীয় লোকজন তার লাশ বাড়ির পেছনের একটি ডোবায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
দৌলতপুর থানা পুলিশ সকাল নয়টার দিকে রুবেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তার ঘাড় ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘রুবেল মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে তিনটি মামলা রয়েছে।’
