চাঁদপুরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট : ০৬ মে ২০১৬, ১৯:৫৩
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শুক্রবার বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
 
শুক্রবার বিকেলে উপজেলার ছেংগারচর পৌরসভার পূর্ব সিকিরচর মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলো- পূর্ব সিকিরচর মধ্যপাড়া এলাকায় আয়াত আলী (৬০) ও তার স্ত্রী আসাবি বেগম (৫০)।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বশির আহমেদ খান টিটু জানান, ছেংগারচর পৌরসভার পূর্ব সিকিরচর মধ্যপাড়া এলাকায় শুক্রবার বিকেলে আয়াত আলী ও আসাবি বেগম দম্পতি মেঘ দেখে জমি থেকে খড়-কুটো উঠাতে যান। এই খড়-কুটো গুছিয়ে তারা বাড়ি ফেরার সময় পথিমধ্যে বজ্রপাতে গুরুতর আহত হন।
 
স্থানীয় লোকজন দ্রুত তাদের ছেংগারচর উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের ১ ছেলে ও ৪ মেয়ে সন্তান রয়েছে। খবর- বাসস।