গণতন্ত্রের সুফল পেতে জঙ্গি দমন করার জন্য তথ্যমন্ত্রীর আহ্বান

আপডেট : ০৬ মে ২০১৬, ২২:০৮
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জঙ্গি দমন করার আহ্বান জানিয়ে বলেছেন, 'গণতন্ত্রের সুফল পেতে জঙ্গি দমনের বিকল্প নেই।'
 
রাজধানীর একটি হোটেলে লায়ন্স ক্লাব অব ঢাকা ডাউন টাউন ডিসট্রিক্ট ৩১৫বি১ এর বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, 'উন্নয়নের ফসল ঘরে তুলতে যেমন দুর্নীতির আগাছা পরিষ্কারের বিকল্প নেই, তেমনি গণতন্ত্রের সুফল পেতে জঙ্গি দমনের বিকল্প নেই।'
 
টেকসই, সবুজ ও ডিজিটাল উন্নয়নের পাশাপাশি জঙ্গি দমনেও ভূমিকা রাখার জন্য লায়নদের প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, 'পরিবেশ, তথ্যপ্রযুক্তি ও জঙ্গিবাদ হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে বেশী আলোচিত বিষয়।'
 
তাছাড়া,  ডিসট্রিক্ট ৩১৫বি১ এর গভর্নর লায়ন এ এস সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে লায়ন নেতৃবৃন্দ এতে বক্তব্য দেন।
 
এর আগে দুপুরে ঢাকার জাতীয় গ্রন্থাগারে নিম্ন-মাধ্যমিক পর্যায়ে বৃত্তি-প্রাপ্ত শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী আরও বলেন, 'রাজাকার, জঙ্গি ও নারী উত্যক্ত-কারীদের বর্জন করে শিক্ষা, উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে যেতে হবে। নারী উত্যক্ত-কারীরা জানোয়ার, এদেরকে দমনে পিছপা হলে চলবে না।'