কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সীর হাট ইউনিয়নের যুগীরহাট মাদ্রাসা কেন্দ্রে রাতেই নৌকা মার্কায় সিল মেরে ব্যালট বাক্সে ফেলার অভিযোগে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এ ঘটনায় ওই ভোট কেন্দ্রের প্রিজাডিং অফিসার মোবারক হোসেনসহ পাঁচজনকে আটক করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের যুগীরহাট মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত মাহফুজুর রহমানের নিজ কেন্দ্রে তার সমর্থকরা প্রবেশ করে ব্যালট পেপারে নৌকায় সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে। শনিবার সকালে ভোট শুরুর আগে বিষয়টি জানাজানি হলে ওই কেন্দ্রে ছুটে যান উপজেলা রিটার্নিং অফিসার বিল্লাল হোসেনসহ নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
এ বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, ভোট শুরুর আগে বিষযটি প্রমাণিত হওয়ায় ওই কেন্দ্রের ভোটগ্রহন স্থগিত করা হয়েছে।একই সঙ্গে প্রিজাডিং অফিসার মোবারক হোসেনসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
