রাতে ব্যালটে সিল

কুষ্টিয়ায় প্রিসাইডিং অফিসার আটক

আপডেট : ০৭ মে ২০১৬, ০৯:০২
 
কুষ্টিয়ায় শুক্রবার দিবাগত রাতে ব্যালট পেপারে সিল মারার সময় প্রিসাইডিং অফিসারকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ঘুষ গ্রহণের অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রত্যাহার করা হয়েছে এক প্রিসাইডিং অফিসারকে।
 
কুষ্টিয়া প্রতিনিধি জানান, শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার হওয়া প্রিসাইডিং অফিসারের নাম আশরাফ উদ্দিন। তিনি কুষ্টিয়া ইসলামিয়া কলেজের প্রভাষক। 
 
পুলিশ জানায়, কুষ্টিয়ার পশ্চিম আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার আশারাফ উদ্দিন ভোটের আগে গতকাল রাতে ব্যালট পেপারে সিল মারছিলেন। এ সময় স্থানীয়রা খবর পেয়ে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের বিষয়টি অবহিত করে। পরে একজন ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের সত্যতা পান। ওই প্রিসাইডিং অফিসার নিয়ম লঙ্ঘন করে ১৩শ’ ২৮টি ব্যালট পেপারে সিল মারেন এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার স্থলে সমবায় কর্মকর্তা নাসির উদ্দিনকে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়।
 
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা জানান, শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ঘুষ গ্রহণের অভিযোগে আব্দুল বারী নামে এক প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচনের আগে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের লয়খা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অবস্থানরত ওই প্রিসাইডিং অফিসার ইউপি সদস্য প্রার্থী সাইফুদ্দিন দোলার কাছ থেকে ঘুষ গ্রহণের সময় গ্রামবাসী তাকে হাতেনাতে আটক করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা ও নির্বাচন অফিসার একেএম জালাল উদ্দিন ঘটনাস্থল গিয়ে তাকে প্রত্যাহার করেন।