শিশুদের কলকাকলির মধ্য দিয়ে গতকাল শুক্রবার থেকে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ১৩তম জাতীয় শিশু-কিশোর নাট্যোৎসব। পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন- পিটিএ আয়োজিত এ নাট্যোৎসবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল এবং জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সারাদেশের ৬৫টি শিশু-কিশোর নাট্যদল নিজেদের পরিবেশনাসহ অংশ নিচ্ছে।
গতকাল বেলুন উড়িয়ে এ নাট্যোৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। পরবর্তীতে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ও পিটিএ’র উপদেষ্টা এস এম মহসিন। সভাপতিত্ব করেন পিটিএ’র চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উদ্বোধনের পর বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় নাটকের প্রদর্শনী। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে স্কলাসটিকা সিনিয়র শাখা মঞ্চস্থ করে ‘একাত্তরের ক্ষুদিরাম’। পরীক্ষণ থিয়েটার হলে রংধনু পরিবেশন করে ‘রংধনু হতে চাই’, খেয়া সাংস্কৃতিক সংস্থা ‘রূপবানের বয়স ১২ বছর’ ও হীরণ-কিরণ শিশু থিয়েটার মঞ্চস্থ করে ‘নক্তের বাসিন্দা’। স্টুডিও থিয়েটার হলে সন্ধান লিটল থিয়েটার ‘পাচার’ ও দৌড় শিশু নাট্যদল ‘ছুটি’ এবং সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে নাট্যনিকেতন ‘কালচক্র’, শিশু-কিশোর নাট্যনিকেতন ‘পুতুল নামের একটি মেয়ে’ ও কাব্য বিলাসের মঞ্চস্থ করে ‘ছ্যাঁছড়া চোর’। প্রদর্শনী শেষে প্রত্যেক দলের নির্বাচিত একজন শিশুশিল্পীর হাতে তুলে দেয়া হয় ‘মঞ্চকুঁড়ি পদক’। এছাড়াও নাটক শুরুর আগে নাট্যদলের একজন শিল্পী একক অভিনয়ে অংশ নেয়।
সিজন নাহিয়ানের ‘একাকিত্বের রঙ’ : গতকাল বিকালে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে উন্মোচিত হলো তরুণ কবি সিজন নাহিয়ানের তৃতীয় কাব্যগ্রন্থ ‘একাকিত্বের রঙ’। প্রকাশনা উৎসবটির আয়োজন করে সাহিত্যপত্রিকা ‘অমিত্রাক্ষর’।
প্রকাশনা উত্সবে প্রধান অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ অ্যালামনাইয়ের সভাপতি কবি আপেল আবদুল্লাহ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রভাষক কবি ও কথাশিল্পী সহিদুল ইসলাম সরকার। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনোর সভাপতিত্বে বইটি নিয়ে আলোচনা করেন কবি জামিল রায়হান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিহ্ন’র সম্পাদক ও প্রাবন্ধিক অধ্যাপক শহীদ ইকবাল। অনুভূতি প্রকাশ করেন কবি সিজান নাহিয়ান। অনুষ্ঠানে কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী রফিকুল ইসলাম ও জয়ন্ত রায়।
শিল্পকলা একাডেমিতে এশিয়ান ঘুড়ি প্রদর্শনী : ঢাকাবাসীর আয়োজনে গতকাল থেকে শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় শুরু হয়েছে চারদিনের এশিয়ান ঘুড়ি প্রদর্শনী। এতে বাংলাদেশ ছাড়াও চীন, মালয়েশিয়া, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী ঘুড়ি প্রদর্শিত হচ্ছে। গতকাল প্রদর্শনীর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান ও সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। প্রদর্শনী চলবে ৯ মে পর্যন্ত।
ছয় তরুণের বই নিয়ে আলোচনা : বর্তমান সময়ের ছয় তরুণের প্রকাশিত ছয়টি বই নিয়ে অনুষ্ঠিত হলো ‘স্বতন্ত্রপাঠ’ শিরোনামে পাঠোন্মোচন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্য পত্রিকা ‘মাদুলি’ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি মুহম্মদ নূরুল হুদা। সাঈদ মাসুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ‘মাদুলি’ সম্পাদক অরবিন্দ চক্রবর্তী।
বনসাই প্রদর্শনী : কে এম সবুজ বনসাই শিল্পের একজন নিখুঁত কারিগর। দীর্ঘ ২৪ বছর ধরে বনসাই নিয়ে নিবিড়ভাবে কাজ করে চলেছেন। তার স্বতন্ত্র বৈশিষ্ট্যের বেশ কিছু বিরল প্রজাতির বনসাই শিল্পকর্ম নিয়ে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে শুরু হয়েছে নান্দনিক বনসাই প্রদর্শনী। গতকাল শুক্রবার প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম। এ সময় বনসাই শিল্পী কে এম সবুজ ও তার প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান লিভিং আর্ট এর চেয়ারপারসন সালমা শিরীন উপস্থিত ছিলেন।
সবার জন্য উন্মুক্ত প্রদর্শনী শেষ হবে কাল রবিবার। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।
