কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ব্যালট বাক্স ছিনতাই এবং প্রিজাইডিং অফিসার কর্তৃক নৌকা প্রতীকে অবৈধভাবে সিল মারার অভিযোগে দুটি কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করা হয়েছে। এছাড়াও হাবিবুর রহমান নামের একজন প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে।
জানা গেছে, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার মৈশাতুয়া ভোট কেন্দ্রে বহিরাগত কয়েকজন যুবক প্রবেশ করে ম্যাজিস্ট্রেট ও বিজিবির সামনেই পুলিশ-আনসারদের উপর হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনতাই করে।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাকির উল্লাহ জানান, নির্বাচন কমিশনের নির্দেশে এ কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করা হয়েছে। অপর দিকে একই ইউনিয়নের আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাডিং অফিসার হাবিবুর রহমানের কক্ষ থেকে
নৌকায় সিল মারা ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিজাডিং অফিসার হাবিবুর রহমানকে আটক করা হয়েছে।
এ বিষয়ে বেলা পেওনে ১১টায় কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসাদুজ্জামান জানান, ওই কেন্দ্রে প্রিজাডিং অফিসারের কক্ষে নৌকায় সিল মারা অবস্থায় ব্যালট পেপার পাওয়া গেছে, তাই নির্বাচন কমিশনের নির্দেশে এ কেন্দ্রের ভোট গ্রহষ স্থগিত করা হয়েছে।
