নিবার্চন পরবর্তী বিজয় উৎসব করতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের হাটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার সাজাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য হাটুরিয়া গ্রামের মনি মোহন বাকচী নির্বাচনে জয়ী হয়ে গ্রামে আনন্দ অনুষ্ঠান ও বিজয় মিছিলের ব্যবস্থা করেন।
প্রত্যক্ষদর্শী সুকুমার বিশ্বাস জানায়, বিজয় মিছিল শেষে রাতে আনন্দ উৎসব করার সময় ওই সদস্যের নির্দেশে মাইক ও সাউন্ড অপারেটর পার্শ্ববর্তী মাইজকান্দি গ্রামের রাজু সেক (২৩) এবং হাটুরিয়া গ্রামের মো. নজরুল সেখ (১৮) ভেজা একটি বাশঁ দিয়ে বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইন থেকে (৪৪০ ভোল্ট লাইন) সংযোগ নিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. নূর হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
