দেশের মাফিয়াদের ওপর বিমান হামলা চালাবে কলম্বিয়া

আপডেট : ০৭ মে ২০১৬, ১২:৫৩
অবৈধ খনি ও চোরাচালান ঠেকাতে দেশের মাফিয়া আস্তানাগুলোতে বিমান হামলা চালানোর ঘোষণা দিয়েছে কলম্বিয়া। প্রতিরক্ষামন্ত্রী লুইস কার্লোস ভিলেগাস বলেন, সন্ত্রাসীদের মোকাবিলা করতে রাষ্ট্র সর্বোচ্চ শক্তি ব্যবহার করবে।
 
কলম্বিয়ায় একসময় ডানপন্থী রাজনীতির সঙ্গে জড়িতরা দেশবিরোধী এসব কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। আলভারো উরিবি সরকারের পতনের পর এদেরকে বেআইনি ঘোষণা করা হয়।
 
দেশটির কর্মকর্তারা বলছেন, তিনটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপের প্রায় তিন হাজার সদস্য সক্রিয় রয়েছে কলম্বিয়ায়। বামপন্থী ফার্ক বিদ্রোহীদের ওপর বিমান হামলা বন্ধ করেছে দেশটির সরকার। পাঁচ দশক ধরে চলা সহিংসতা থামাতে ফার্ক নেতাদের সঙ্গে আলোচনা করছে কলম্বিয়া সরকার।
 
এর ফলে অস্ত্রধারী মাফিয়া গ্রুপগুলোর ওপর পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাওয়া যাবে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী। কলম্বিয়ার মাফিয়াদের সঙ্গে মেক্সিকোর মাদক চোরাচালান গ্রুপগুলোর সঙ্গে সম্পর্ক রয়েছে। সূত্র: বিবিসি