লক্ষ্মীপুরে সংঘর্ষে আহত ১৫, আটক ৩

আপডেট : ০৭ মে ২০১৬, ১৩:৩৭
 
লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ দুইপক্ষের ১৫জন আহত হয়েছেন। পরে পুলিশ দুই সদস্য প্রার্থীসহ তিন জনকে আটক করে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার টুমচর মাদ্রাসা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
 
আটককৃতরা হলেন-টুমচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী কামাল উদ্দিন (ফুটবল), ইসমাইল হোসেন ( মোরগ) ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ( নৌকা) প্রতীকের এজেন্ট রিয়াজুল করিম।
 
IMG0
 
আহতদের মধ্যে বাহার উদ্দিন, জয়নাল আবেদিন, রিয়াজ উদ্দিন, লিংকন, দেলোয়ার হোসেন, রাশেদ হোসেন ও জয়নব বানুর নাম জানা গেছে। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিত্সা দেয়া হচ্ছে।
 
স্থানীয়রা জানায়, সদস্য প্রার্থী ইসমাইলের লোকজন অপর প্রার্থী কামাল উদ্দিনের স্ত্রী জয়নব বানু ও ভাই বাহার উদ্দিনসহ তাদের লোকজনের ওপর কেন্দ্রে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
 
IMG1
 
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়া জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।