চট্টগ্রামে পুলিশি বাধার মুখে কেন্দ্রে প্রবেশ করতে ব্যর্থ হওয়ার পর বিজিবি প্রহরায় এক ইউপি চেয়ারম্যান প্রার্থী ভোট দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার নগরীতে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ ফোরকান আহমেদ।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলের চট্টগ্রাম বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনের বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি আরো অভিযোগ করেন, তিনি সকালে তার কেন্দ্রে ভোট দিতে গেলে পুলিশ তাকে কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেয়। পরে তিনি বিজিবির সহায়তায় ভোট প্রদান করতে পারলেও পরিবারের অপর সদস্যরা ভোট দিতে পারেননি। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন তিনি।
একই সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিন অভিযোগ করেন, হাটহাজারীর সব ইউনিয়নে সরকারি দলের প্রার্থীদের ভাড়াটে ক্যাডাররা কেন্দ্র দখল করে নিয়েছে। পার্শ্ববর্তী ফটিকছড়ি ও রাউজানের সন্ত্রাসীরা হাটহাজারীতে এসে কেন্দ্রে অগ্নিসংযোগ ও গোলাগুলি করেছে। ভোটারদের তাড়িয়ে দেয়া হচ্ছে এবং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। কোনো কেন্দ্রে চেয়ারম্যানের ব্যালট ছিল না। ক্যাডারদের দাপটের কাছে প্রশাসন ছিল অসহায়। কাটাখালী এলাকায় ‘সরকারি’ সন্ত্রাসীদের গুলিতে একজন আহত হয়েছে।
মীর নাছির বলেন, এতো কিছুর পরও আমি বিএনপি প্রার্থীদেরকে নির্বাচন বর্জন না করার নির্দেশ দিয়েছি। মানুষ দেখুক সরকারি দল কিভাবে ভোট ডাকাতি করছে।
সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
