যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট : ০৭ মে ২০১৬, ২১:৪৭
যশোরে পূজা উদযাপন পরিষদ নেতার ছেলে মুরারী মোহন মজুমদারকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
 
শুক্রবার রাতে তাকে ছুরিকাঘাত করা হয়। শনিবার বিকেলে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মুরারী যশোর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রবীন্দ্রনাথ মজুমদারের ছেলে।
 
হাসপাতাল সূত্র মতে, শহরের খালধার রোড এলাকার বাসিন্দা মুরারী মোহন মজুমদার শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে আসছিলেন। পথিমধ্যে যশোর সদরের মালঞ্চী নামক স্থানে ৪-৫ জন সন্ত্রাসী পথরোধ করে। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার বিকেলের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
যশোর কোতোয়ালি মডেল থানার এসআই মোকাদ্দেছ আলী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।