আগামী ২১ ও ২২ মে টরন্টোর ৭২০ মিডল্যান্ড এভিনিউতে আয়োজন করা হয়েছে রূপায়ন বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০১৬। প্রথম ফেস্টিভ্যাল সাফল্যের পর দ্বিতীয়বারের এ উৎসব মাতাতে আসছেন একঝাঁক খ্যাতিমান তারকা। এই তালিকায় রয়েছেন সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী, আঁখি আলমগীর, চিত্রনায়িকা মৌসুমী, নায়ক ফেরদৌস, ওমর সানি, আজিজুল হাকিম, স্মাইল শো খ্যাত উপস্থাপক খন্দকার ইসমাইল ও নাট্যকার জিনাত হাকিমসহ আরো অনেকে।
এছাড়াও থাকবে স্থানীয় শিল্পীদের নানান পরিবেশনাও। বিভিন্ন প্রতিষ্ঠান, এনজিও, পোশাক, খাদ্যদ্রব্য এবং স্থানীয় ব্যবসায়ীদের স্টল থাকছে এই আয়োজনে। মঞ্চে বাংলাদেশকে তুলে ধরতে থাকবে বেশ কিছু অনবদ্য পরিবেশনা।
ইতোমধ্যে কানাডার বাণিজ্যিক রাজধানী টরন্টোর সিটি মেয়র জন টরি ও অন্টারিওর প্রিমিয়ার ক্যাথলিন উইন বাংলাদেশ ফেস্টিভ্যালে আমন্ত্রিত অতিথি এবং দর্শকদের আগাম শুভেচ্ছা জানিয়ে অফিসিয়াল বার্তা পাঠিয়েছেন।
বাংলাদেশ ফেস্টিভ্যাল কমিটির কনভেনর শহিদুল ইসলাম মিন্টু জানিয়েছেন, পুরো অনুষ্ঠানটি ধারণ করবে কানাডার প্রথম ২৪ ঘন্টার বাংলা টিভি চ্যানেল এনআরবি টিভি।
