বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মজয়ন্তী। বাঙালির মননের দিশারী এই কবির জন্মদিন উদ্্যাপনকে ঘিরে রাজধানীতে চলছে সুরাশ্রিত নানা আয়োজন। সেই সূত্রে গতকাল শনিবার থেকে শুরু হলো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট আয়োজিত দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসব।
আমন্ত্রিত ও নিজস্ব শিল্পীদের একক-পাঠ-আবৃত্তি ও রবীন্দ্রসংগীতে সাজানো হয় প্রথম দিনের আয়োজন। রবীন্দ্র কথনে অংশ নেন বিশিষ্ট প্রাবন্ধিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক। বলেন, একটি জাতিগোষ্ঠী যখন সম্মিলিত হয়ে রবীন্দ্রনাথের সৃষ্টি উপভোগ করে তখন সেটি অন্যরকম মাত্রা পায়। প্রথমদিনের উৎসবের অন্যতম আকর্ষণ ছিল শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় নৃত্যনন্দনের গীতিনৃত্য নকশা পরিবেশনা ‘প্রভু তোমার পানে’। দলীয় পরিবেশনায় অংশ নেয় আমন্ত্রিত দল বৈতালিক। তারা পরিবেশন ‘জয় তব বিচিত্র আনন্দ’ ও ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’ শীর্ষক দু’টি গান। পাঁচটি সম্মেলক গানের একটিতে নৃত্যভঙ্গিমায় অংশ নেন ছায়ানটের শিল্পীরা। একক কণ্ঠে গান শোনান আজিজুর রহমান তুহিন, আনন্দময়ী মজুমদার, ইফফত আরা দেওয়ান, ঝুমুর আহমেদ, তপন মাহমুদ, তানজিনা পারভীন তমা, নাঈমা ইসলাম নাজ, নিলুফার জাহান, পীযূষ বড়ুয়া, মনসুরা বেগম, মহাদেব ঘোষ, মানসী সাধু, রোকাইয়া হাসিনা, শর্মিষ্ঠা খন্দকার, সাজেদ আকবর, সাদাত জামান চৌধুরী, সুদীপ সরকার ও স্বাতী সরকার বিশ্বাস। রবীন্দ্র রচনাবলী থেকে পাঠ ও আবৃত্তি করেন জয়ন্ত রায় ও ত্রপা মজুমদার। আজ রবিবার দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। একক ও সম্মেলক গান ও নৃত্যের সাথে থাকবে অধ্যাপক আনিসুজ্জামানের কথা ও তার প্রিয় গান নিয়ে সাজানো বিশেষ আয়োজন ‘আমার রবীন্দ্রনাথ’।
বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমি। অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন অনিমা রায় এবং আজিজুর রহমান তুহিন। পরে বক্তৃতানুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। ‘রবীন্দ্রনাথ : মানুষের পক্ষে, প্রগতির পথে’ শীর্ষক একক বক্তৃতা রাখেন বিশিষ্ট চিন্তক ও রাজনীতিক হায়দার আকবর খান রনো। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি প্রফেসর ইমেরিটাস আনিসুজ্জামান।
হায়দার আকবর খান রনো তার একক বক্তব্যে বলেন, ‘উনবিংশ শতাব্দীর সমাজ ও সাহিত্যে যে জাগরণ তৈরি হয়েছিল, সে ধারারই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি যুগস্রষ্টাও বটে। সামন্ত-সংস্কৃতি, শ্রেণি-শোষণ ও সামাজিক শোষণ এবং সামপ্রদায়িকের বিরুদ্ধে কলম ধরেছেন।
‘তারুণ্যের মিছিলে আশরাফুল আলম’
শনিবার সন্ধ্যায় তারুণ্যের মিছিলে আশরাফুল আলম শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ।
শিশু-কিশোর নাট্যোৎসব
‘বিকশিত শিশু, আলোকিত আগামী’ স্লোগানে পিপল্স থিয়েটার এসোসিয়েশনের (পিটিএ) আয়োজনে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও শিল্পকলা একডেমির সহযোগিতায় শিল্পকলা একাডেমিতে চলছে ১৩ম জাতীয় শিশু-কিশোর নাট্যোৎসব। ১২ মে পর্যন্ত একাডেমির জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল এবং সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে চলবে সপ্তাহব্যাপী উত্সবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় রয়েছে নাট্য প্রদর্শনী। এছাড়া প্রতিদিনের নাটক শেষে প্রতিটি দলের একজন নির্বাচিত নাট্যকর্মীকে দেয়া হচ্ছে ‘মঞ্চকুঁড়ি পদক ২০১৬’। শনিবার উৎসবের দ্বিতীয় দিনে তিনটি হলে ৬টি নাটকের প্রদর্শনী হয়।
