ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের কালডাঙ্গা দাখিল মাদ্রাসা কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত নাজিম উদ্দিনের (৫৫) মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাজিম উদ্দিনের বাড়ি পাড়িয়া ইউনিয়নের মাছুরিয়া গ্রামে। তিনি কৃষিকাজ করতেন।
এর আগে শনিবার বিকালে সংঘর্ষে মাহবুব আলম (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়।
সংঘর্ষে আহত পাড়িয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বাবুল (৩৫), নজরুল ইসলামের ছেলে আজিজুল (২৮), আবদুল গফুরের ছেলে লিয়াকত আলী (৩০) ও আবদুর রহমানের ছেলে নাসিরুল (৩৫) বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার পাড়িয়া ইউনিয়নের কালডাঙ্গা দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মারধর করেন এবং গুলি ছোড়েন। এতে তিনজন গুলিবিদ্ধ হওয়াসহ পাঁচজন আহত হন।
