ছাত্রলীগ নেতা রনি কারাগারে

আপডেট : ০৮ মে ২০১৬, ১৩:২৯
 
চট্টগ্রামের হাটহাজারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে আটক নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করেছে হাটহাজারী থানা পুলিশ।
 
হাটহাজারী থানার ডিউটি অফিসার এসআই আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে রায়ের কপি থানায় এসে পৌঁছলে রনিকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
 
হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল জানিয়েছেন, নুরুল আজিম রনির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে এই মামলাটিও চলবে।
 
এর আগে শনিবার বেলা সোয়া ১২টার দিকে উপজেলার মির্জাপুর থেকে নির্বাচনে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদের নেতৃত্বে অভিযান চালিয়ে রনিসহ নয়জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় রনির কাছে একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ২৬ হাজার টাকা পাওয়া যায়।  
 
পরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রনিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর দুটি ধারায় এক বছর করে মোট দুই বছর কারাদণ্ড দেয়।