লক্ষ্মীপুরে রায়পুরে ভয়াবহ আগুনে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের মেয়াজি বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে স্থানীয় জনাল, এমরান ও কবিরসহ পাঁচজন আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারে অবস্থিত ফরিদের পোল্ট্রিফার্ম থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এই আগুনের সূত্রপাত হয়। এতে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বাজারের সামীম স্টোর, মনোয়ার কসমিটিক, জনালের ফার্নিচার, ফরিদের পোল্ট্রি ফার্ম ও কবির আহম্মদের দোকান পুড়ে ছাই হয়েছে গেছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
