দক্ষিণ সুনামগঞ্জে পানিতে ডুবে দাদা-নাতির মৃত্যু

আপডেট : ০৮ মে ২০১৬, ১৬:৩৭
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কাউয়াজুরি গ্রামে হাওরের পানিতে ডুবে দাদা-নাতির মৃত্যু হয়েছে।
 
শনিবার রাতে হাওরে মাছ ধরতে গিয়ে তারা নিখোঁজ হন। রবিবার দুপুরে হাওর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- কাউয়াজুরি গ্রামে কাপ্তান মিয়া (৬৫) ও তার নাতি রুহান মিয়া (১৩)।
 
জানা গেছে, কাপ্তান মিয়া শনিবার সন্ধ্যার পর নাতি রুহান মিয়াকে নিয়ে গ্রামের পাশের হাওরে মাছ ধরতে যান। কিন্তু রাতে তারা বাড়ি না ফিরলে স্বজনরা খোঁজাখুঁজি অনেক করেন। রবিবার দুপুর ১২টার দিকে হাওরের পানি থেকে রুহানের লাশ উদ্ধার করেন গ্রামের লোকজন। পরে দুপুর দেড়টার দিকে কাপ্তান মিয়ার লাশও উদ্ধার করা হয়।
 
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন বলেন, কাউয়াজুরি গ্রামে পানিতে ডুবে দাদা-নাতির  মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।