জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ আয়োজিত

তৃতীয় সংগীত উত্সব ২০১৯

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২১:০৩

বিনোদন রিপোর্ট

 

শুরু হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ‘তৃতীয় সংগীত উত্সব ২০১৯’। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে সকাল ১১টায় উত্সবের উদ্বোধন হবে। অনুষ্ঠানের প্রথমদিন স্বাগত বক্তব্য রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক আলী এফ এম রেজোয়ান। বিশেষ অতিথির বক্তব্য দিবেন ডায়মন্ড ওয়ার্ল্ড-এর ব্যবস্থাপক পরিচালক দিলীপ কুমার আগারওয়াল, ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রীমতি রীভা গাঙ্গুলী দাস। এছাড়াও প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।  উদ্বোাধনী পর্বের সভাপতি থাকবেন সংগীত বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক অণিমা রায়।  উত্সব প্রসঙ্গে অণিমা রায় বলেন, ‘সঙ্গীত উত্সব তাই এক সামাজিক চর্চার নাম। এই চর্চা আমাদের সমাজে যতটাই প্রচারে আনবো ততই সামাজিক মঙ্গল। বর্তমান বিশ্বে আমাদের সবচেয়ে কম চর্চিত হয় মানবতা। আর এই মানবিক চর্চার বিকাশের একটিই উপায় সাংস্কৃতিক সম্মিলন।’ অনুষ্ঠানটির কমিউনিকেশন পার্টনার টেলি প্রেস।  উত্সবের প্রথমদিনের আয়োজনে থাকবে, সংগীত পরিবেশন করবেন রবীন্দ্রনাথ রায়, খায়রুল আনাম শাকিল, ফেরদৌস আরা, তপন চৌধুরী, অদিতি মহসীন, স্বাগতা মুখার্জী (শাস্ত্রীয়সংগীত, ভারত), রাজরূপা চৌধুরী (সরোদ), শুষেণ কুমার রায় (তবলা), অভিজিতত্ (ধ্রুপদ), সরকারি সংগীত কলেজ এবং সংগীত বিভাগ, জবির ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের পরিবেশনা। সংগীত বিভাগের বিশেষ নিবেদন রবীন্দ্র নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। সংগীত পরিচালনায় অণিমা রায় এবং নৃত্য পরিচালনায় ওয়ার্দা রিহাব।