কুমিল্লায় নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় মামলা

আপডেট : ০৮ মে ২০১৬, ১৯:৫০

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্বাচনী সহিংসতায় তাপস চন্দ্র দাস নামে এক যুবককে হত্যার ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

শনিবার গভীর রাতে নিহতের স্ত্রী কল্পনা রানী দাস বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় মামলাটি দায়ের করেন। রবিবার দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিহতের ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করার পর বিকালে স্থানীয় একটি শ্মশানে তাকে দাহ করা হয়।

 

জানা গেছে, শনিবার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থিত ২ মেম্বার প্রার্থী রেজাউল ও সুলতান আহমদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে মেম্বার প্রার্থী রেজাউলের সমর্থক চান্দলা গ্রামের কানু চন্দ্র দাসের পুত্র তাপস চন্দ্র দাসকে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।