সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে কাকঁড়া ধরার সময় মুক্তিপণের দাবিতে ১৯ জেলেকে অপহরণ করেছে বনদস্যু ‘ন ভাই বাহিনী’।
গত শনি ও রবিবার সুন্দরবনে খলিসাবুনিয়া ও কুনচির মুখ নদী থেকে জেলেদের অপহরণ করা হয়। অপহৃত জেলেরা হলেন, গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামে নজরুল গাজীর ছেলে আনারুল (৩০), ছোহারাব আলী সরদারের ছেলে আয়ূব আলী (৩২), আব্দুর রহিম মালির ছেলে মফিজুল (২০), মোহাম্মদ গাজীর ছেলে কাদের আলী (৩৫), মজিদ গাজীর ছেলে বেল্লাল (৪২), আনছার গাজীর ছেলে রবিউল (৩৫), রুপচাঁদ গাজীর ছেলে সাইদুল (৫০), মৃত মদন গাজীর ছেলে কওছার গাজী (৪০) ও একই গ্রামের মৃত গফুর গাজীর ছেলে আজিজুল গাজী (৪৪)। বাকিদের নাম জানা যায়নি।
গাবুরা ইউনিয়নে ৯ নং গ্রামের মেম্বার ফিরোজ গাজী ও আফছুর মোল্লা জানান, বুড়িগোয়ালিনী ও কবাদক বন অফিস থেকে পাশ নিয়ে সুন্দরবনে কাঁকড়া ধরার সময় ন’ভাই বাহিনী মুক্তিপণের দাবিতে তাদের অপহরণ করা হয়। মাথাপিছু ২০ হাজার টাকা মুক্তিপণের দাবি করেছে বনদস্যু ন’ ভাই বাহিনী। ৭ দিনের মধ্যে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ না করলে জেলেদের হত্যার হুমকি দেয়া হয়েছে।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, জেলে অপহরণের বিষয় সত্যতা স্বীকার করেছে।
