মেধাবী তথ্য অফিসার চয়নিকা সাহার মৃত্যু

আপডেট : ০৮ মে ২০১৬, ১৯:১৭
বিসিএস তথ্য সাধারণ ক্যাডারের সদস্য সিনিয়র তথ্য অফিসার চয়নিকা সাহা মৃত্যুবরণ করেছেন। তার এই অকাল মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশন।
 
শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় তিনি লন্ডনে মৃত্যুবরণ করেন। চয়নিকা সাহা উচ্চশিক্ষার্থে স্বপরিবারে লন্ডনে অবস্থান করছিলেন।
 
এক শোকবার্তায় এসোসিয়েশনের সভাপতি মো. জয়নাল আবেদীন ও মহাসচিব গোলাম কিবরিয়া চয়নিকা সাহার বিদেহী আত্মার শান্তি ও কল্যাণ কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
 
শোকবার্তায় তারা বলেন, চয়নিকা সাহার অকাল মৃত্যুতে দেশ একজন মেধাবী কর্মকর্তাকে হারালো।
 
চয়নিকা সাহা ২৪তম বিসিএস এর মাধ্যমে ২০০৫ সালে তথ্য সাধারণ ক্যাডারে যোগদান করেন। কর্মজীবনে তিনি হবিগঞ্জ জেলা তথ্য অফিস, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং তথ্য অধিদফতরে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
 
চয়নিকার স্বামী মো. মনিরুল ইসলাম কবীর লন্ডন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব।