চবি সংবাদদাতা
‘সম্পর্কের পুননির্মাণ, সমৃদ্ধির দিকে ধাবমান’ এ প্রতিপাদ্যকে ধারণ করে দেশের বিভিন্ন ক্যাম্পাসের সাংবাদিক প্রতিনিধিদের নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সোমবার ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০১৯ উদ্বোধন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) আয়োজনে দেশের ২৩টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ২৭টি সংগঠনের দুই শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ বাইজিদ ইমনের সভাপতিত্বে এবং প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক জোবায়ের চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এবং জিটিভি ও সারাবাংলা ডট নেটের এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার, প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলী আজগর চৌধুরী এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফয়সাল।
