'প্রতিটি দিন মায়ের জন্য মা দিবস'

আপডেট : ০৮ মে ২০১৬, ২০:৫১
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মায়ের জন্যই আমাদের এই পৃথিবীতে আসা। প্রতিটি মা অনেক কষ্ট স্বীকার করে সন্তানদের মানুষ করেন। আসুন আমরা আমাদের মায়েদের সম্মানিত করি। তাদের যে অবদান সন্তানরা তা কখনোই পূরণ করতে পারবো না। তারপরও সন্তান হিসেবে তাদের আমরা ভালোবাসবো এবং সম্মান করব এবং প্রতিটি দিন মা দিবস করবো। 
 
রবিবার আজাদ প্রোডাক্টস আয়োজিত ঢাকা ক্লাবে অনুষ্ঠিত রত্নাগর্ভা মা সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
এ বছর সাধারণ ক্যাটাগরিতে ২৫ জন মা এবং বিশেষ ক্যাটাগরিতে ৯ জনসহ মোট ৩৯ জনকে রত্নাগর্ভা মা’র বিশেষ স্বীকৃতি দেয়া হয়েছে। এছাড়া নাট্য ব্যক্তিত্ব ডক্টর ইনামুল হককে ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ পদকে ভূষিত করা হয়েছে।
 
সুশিক্ষিত সন্তান গড়ার ক্ষেত্রে মা নিপুণ কারিগর প্রতিপাদ্যে করে বিশ্ব মা দিবসে রত্নাগর্ভা মা পদক প্রদান করা হয়।
 
আজাদ প্রোডাক্টস প্রাইভেট লি. ব্যবস্থাপনা পরিচালক আবুল কামাল আজাদ বলেন, চিকিৎসার অভাবে আমার মা মারা গিয়েছেন। তাই আমার মায়ের কথা মনে করে আমাদের শিক্ষাকে আরো উন্নতি করার চিন্তা ভাবনা থেকেই আজকের এই রত্নাগর্ভা মার সম্মাননা। আগামীতে এ সম্মননা প্রতিটি জেলা, উপজেলায় দেয়া হবে বলেও তিনি জানান। এছাড়া জাতীয়ভাবে অনুষ্ঠানটি প্রতিবছর না করে তিনবছর অন্তর করা হবে।