রিজার্ভ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তাকে পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। ‘হ্যাকিংয়ের মাধ্যমে’ রিজার্ভ চুরির ঘটনার তিন মাস পর এই পরিবর্তন আনা হল।
তবে একে ‘রুটিন পরিবর্তন’ বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক (জিএম) কাজী ছাইদুর রহমানকে কেন্দ্রীয় ব্যাংকের রংপুর কার্যালয়ে বদলি করা হয়েছে। তার জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টে-২ এর মহাব্যবস্থাপক আজিজুর রহমানকে।
রবিবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা জানিয়েছেন। তিনি বলেন, ছাইদুর রহমান ছিলেন স্টেশন সিনিয়ারমোস্ট। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, কাউকে বাইরে দিতে হলে তাকে সিনিয়র হতে হয়। কাজী ছাইদুর রহমান অনেকদিন আগে এসেছেন, সে হিসেবে তিনি স্টেশন সিনিয়ারমোস্ট।
একই কারণে ছয়টি পদে পরিবর্তনও আনা হয়েছে বলে জানান শুভঙ্কর সাহা। একটি জায়গা খালি হলে তা পূরণ করতে আরও কিছু পরিবর্তন করতে হয়। সে কারণেই কয়েকটি পরিবর্তন করতে হয়েছে। ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টই বাংলাদেশে ব্যাংকের রিজার্ভ ব্যবস্থাপনার দায়িত্বে থাকে।
গত ৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এই অর্থ ছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কে। সেখান থেকে সুইফট মেসেজিং সিস্টেমে ভুয়া বার্তা পাঠিয়ে এই অর্থ শ্রীলঙ্কা ও ফিলিপিন্সের দুটি ব্যাংকে ব্যক্তিগত হিসাবে পাঠানো হয়।
শ্রীলঙ্কায় পাঠানো ২ কোটি ডলার আটকানো গেলেও ফিলিপিন্সে পাঠানো অর্থের অধিকাংশই ব্যাংক চ্যানেল থেকে বেরিয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ওই ঘটনা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে গভর্নরের পদ ছাড়তে হয় আতিউর রহমানকে। একইসঙ্গে দুই ডেপুটি গভর্নরকেও অব্যাহতি দেয় সরকার।
