নাশকতার মামলায় মির্জা ফখরুলের জামিন

আপডেট : ০৯ মে ২০১৬, ১১:০৬
 
পল্টন থানার একটি নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছে আদালত। সোমবার সকালে তাকে জামিন দেয়া হয়।
 
গত ৩ মে মামলাটিতে দণ্ডবিধি ও বিষ্ফোরক আইনে পৃথক পৃথকভাবে দুইটি চার্জশিট আদালতে দাখিল করেছে পল্টন থানা পুলিশ। ফলে আইন অনুসারে সোমবার সকালে নতুন করে বিচারিক আদালত ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান তিনি।
 
শুনানি শেষে জামিন মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেনের আদালত। আদালতে জামিনের আবেদনের শুনানি করেন মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ।
 
২০১৪ সালের ২৯ ডিসেম্বর নাশকতা ও বোমা বিষ্ফোরণের অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছিল।