চন্দনাইশে নয়টি বসতঘর ভস্মীভূত

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২১:০৯

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

রবিবার গভীর রাতে চন্দনাইশ উপজেলা সদরের হাজীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি বসতঘর ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় আবদুল মালেকের রান্নাঘরের চুলা থেকে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আটটি সেমিপাকা বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চন্দনাইশ ও পটিয়া উপজেলা থেকে আসা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজা অগ্নিকাণ্ডে ক্ষতির কথা নিশ্চিত করেছেন।