ইউপি নির্বাচনে অনিয়মের অভিযোগ-

৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা, পুলিশ বরখাস্ত

আপডেট : ০৯ মে ২০১৬, ১৫:৩৪
দেশজুড়ে চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে ভোট গ্রহণের সময় অনিয়মের অভিযোগে চারজন ভোট গ্রহণ কর্মকর্তার বিরুদ্ধে মামলা ও একজন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
 
সোমবার ইসির উপসচিব ফরহাদ আহাম্মদ খান এ-সংক্রান্ত নির্দেশনাটি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বরাবর পাঠিয়েছেন।
 
এ বিষয়ে ফরহাদ আহাম্মদ খান জানান, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম, মনোহরগঞ্জ ও চান্দিনা উপজেলার তিনটি কেন্দ্রের চারজন ভোট গ্রহণ কর্মকর্তার বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে ইসি। একই সঙ্গে দায়িত্ব পালনে অবহেলা করায় সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের এক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করতে বলা হয়েছে।
 
ইসির উপসচিব আরো জানান, গত ৭ মে চতুর্থ ধাপের ইউপি ভোটে কুমিল্লার তিন উপজেলায় অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
 
এ ছাড়া মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউপির আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের জন্য ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার, চান্দিনা উপজেলার জোয়াগ ইউপির নোয়াগাঁও দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধেও মামলা করার নির্দেশ রয়েছে।
 
এদিকে, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউপির চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঢুকে সিল মারার বিষয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে হবে। তবে এ কেন্দ্রের অনিয়মের জন্য সংশ্লিষ্ট থানায় আটক প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে ছেড়ে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।