বাগেরহাটে কলেজছাত্র আল আমিন শেখ বাপ্পা (১৮) হত্যা মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
সোমবার দুপুরে বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক জাকারিয়া হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন বাগেরহাট সদর উপজেলার ছোট রঘুনাথপুর গ্রামের ফজর গাজীর ছেলে হুমায়ুন গাজী ওরফে লিটন (২৪) ও একই গ্রামের তৌহিদ সরদারের ছেলে সরদার তরিকুল ইসলাম (২২)।
একইসঙ্গে আদালত তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী মনোয়ার হোসেন।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, ২০১৪ সালের ৬ মার্চ সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার ছোট রঘুনাথপুর গ্রামের প্রয়াত বেলাল শেখের ছেলে স্থানীয় বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের একাদশ (মানবিক) শ্রেণির ছাত্র আল আমিন শেখ বাপ্পাকে মোবাইলে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। এরপর থেকে আল আমিন নিখোঁজ ছিল। এ ঘটনায় আল আমিনের মা ইয়াছমিন বেগম বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরির সূত্রধরে পুলিশ হুমায়ুনকে আটক করে। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুয়ায়ী ছোট রঘুনাথপুর গ্রামের জাকির ইজারাদারের বাগান থেকে আল আমিনের লাশ উদ্ধার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা মডেল থানার উপ পরিদর্শক শহীদুল ইসলাম ওই বছরের ৮ জুলাই হুমায়ুন ও তরিকুলকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন বলে জানান তিনি।
