রাজশাহীতে যৌন হয়রানির শিকার আমেনা খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার সকাল ১০টার দিকে নিজ শয়নকক্ষে নগরীর মতিহার থানার চরশ্যামপুর বালুরঘাট শান্তিনগর গ্রামে এই ঘটনা ঘটে। আমেনা খাতুন ওই গ্রামের জনৈক হায়দার আলীর মেয়ে এবং স্থানীয় স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ।
পুলিশ জানায়, সোমবার সকাল ১০টায় ওই স্কুলছাত্রী নিজ শয়নকক্ষের দরজা বন্ধ করে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মর্গে পাঠায়।
ওই স্কুলছাত্রীর মা নেগারবানু বলেন, স্থানীয় বখাটে রেজাউল করিম তার মেয়েকে প্রেমের প্রস্তাবসহ নানাভাবে উত্যক্ত করে আসছিল। স্কুলে যাওয়া-আসার পথে এমনকি পারিবারিক কাজে বাড়ির বাইরে বের হলেই মেয়েকে উত্যক্ত করতো রেজাউল। স্কুলে যাওয়া-আসার পথে আমেনার হাত ধরে টানটানি করেছে রেজাউল।
এদিকে গত রবিবার দুপুরে নেগারবানু নদীতে গোসল করতে গেলে বখাটে যুবক রেজাউল তাদের বাড়িতে গিয়ে মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় এবং প্রস্তাব মেনে না নিলে পরিণতি খারাপ হবে বলে হুমকি দেয়।
তিনি আরো বলেন, মেয়ের কাছে ঘটনা শুনে তিনি ওই দিনই বিষয়টি রেজাউলের পরিবার ও এলাকার লোকজনকে জানান। এ নিয়ে সোমবার বিকেলে এলাকায় শালিস বৈঠকও বসার কথা ছিলো। এ নিয়ে এলাকার লোকমুখে নানা কাঁনাঘুষা শুরু হলে ক্ষোভে-লজ্জায় তার মেয়ে আত্মহত্যা করে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত রেজাউলকে আটকের চেষ্টা করছে পুলিশ।
