বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী অসচ্ছল ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি প্রদানের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে পেইড ইন্টার্নশিপ ও শিক্ষা ঋণ চালুর জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে বিজনেস স্টাডিজ অনুষদ আয়োজিত মেধাবী অসচ্ছল ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। স্পিকার মেধাবী বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, তোমরা প্রত্যেকে তোমাদের নিজস্ব মেধায় এখানে দাঁড়িয়ে আছ। এ বৃত্তি তোমাদের মেধার স্বীকৃতি। এটা তোমাদের জন্য করুণা নয়। এটা সমাজের সুবিধাভোগী শ্রেণীর দায়িত্ব এবং তোমাদের অধিকার।
তিনি বলেন, স্বাস্থ্য, দারিদ্র বিমোচন, প্রাকৃতিক দূর্যোগ ও কৃষির মত বিভিন্ন ক্ষেত্র থাকা স্বত্বেও যারা শিক্ষাকে বিনিয়োগের ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন, তারা একটি অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি এ উদ্যোগকে মানব সম্পদ উন্নয়নের একটি বড় ক্ষেত্র হিসেবে উল্লেখ করে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে দেশের তরুণ সমাজকে যোগ্য করে গড়ে তুলে জাতীয় উন্নয়নে ভূমিকা পালনের আহবান জানান।
স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিজের বিশ্ববিদ্যালয় উল্লেখ করে বলেন, বৃত্তি প্রদানের ব্যবস্থা একটি মডেল। এ ব্যবস্থা সকল শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রসারিত করতে হবে এবং আমাদের সমাজের সুবিধাপ্রাপ্তদেরকে বঞ্চিত শ্রেণীর জন্য অনেক সুযোগ তৈরি করে দিতে হবে, যাতে সুযোগের অভাবে তারা হারিয়ে না যায়।
নিজের উদ্যোগে অন্যের জীবনের পথকে বিকশিত করাকে একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা উল্লেখ করে স্পীকার বলেন, তোমরা মেধাবী, তোমাদের জীবনে অবারিত সম্ভাবনা। তোমরা এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে ভালবাসবে এবং দেশের কল্যাণে কাজ করবে।
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর শিবলী রুবাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর এস কে শুর চৌধুরী, সোশাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ডাঃ মেজর রেজাউল হক, প্রাইম ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদী খানম, ফাস্ট সিকিউরিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সাইয়িদ ওয়াসেক মোহাম্মদ আলী প্রমূখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের অস্বচ্ছল মেধাবী ৫০ জন ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়।
