খুলনায় পিতা ইলিয়াছ চৌধুরী ও তার ব্যাংকার কন্যা পারভীন সুলতানা হত্যা মামলায় দুই ভাইসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
সোমবার খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটভুক্ত আসামিরা হলেন- সাইফুল ইসলাম পিটিল ও তার ভাই মো. লিটন ও আবু সাঈদ, শরিফুল ও পলাশ। এদের মধ্যে পিটিল ও লিটন জেল হাজতে এবং পলাশ পলাতক রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা লবণচরা থানার এসআই কাজী বাবুল জানান, ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে দুর্বৃত্তরা নগরীর বুড়ো মৌলভীর দরগা এলাকার ইলিয়াছ চৌধুরীর বাড়িতে প্রবেশ করে তাকে শ্বাসরোধ করে হত্যার পর তার মেয়ে এক্সিম ব্যাংকের কর্মকর্তা পারভীন সুলতানাকে গণধর্ষণের পর হত্যা করে। বাবা-মেয়ের জোড়া হত্যার পর তারা লাশ সেপটিক ট্যাঙ্কের মধ্যে ফেলে দেয়। পরে তারা ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ বিভিন্ন মালপত্র নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ইলিয়াছ চৌধুরীর ছেলে বিপ্লব চৌধুরী পরের দিন নগরীর লবণচরা থানায় হত্যা মামলা করেন। এ ছাড়া এক আসামি গ্রেফতারের পর তার স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে বিপ্লব চৌধুরী ২২ সেপ্টেম্বর ধর্ষণ মামলা করেন। গত ২৪ মার্চ ধর্ষণ মামলায় ওই পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
